২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে হরতালে হত্যাকাণ্ডে শিবিরকর্মী গ্রেপ্তার

সিরাজগঞ্জে হরতালে এক অটোরিকশায় ঢিল ছোড়ার পর যাত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 12:46 PM

Updated : 23 Aug 2022, 06:56 PM

নিহত মাসুদ হোসেনের (২৭) পরিবারের করা ওই মামলায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার উপপরিদর্শক এস এম আবু সাদাত।

মাসুদের চাচা গোলাপ হোসেন বাদি হয়ে করা এই মামলার তদন্ত করছেন এসআই আবু সাদাত। তিনি জানান, মামলায় ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১২/১৩ জনকে আসামি করা হয়েছে।

একাত্তরে গণহত্যা-ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত আব্দুল কাদের মোল্লার মুক্তি দাবিতে হরতালে পিকেটিংরত শিবিরকর্মীরা বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের চন্ডিদাসগাতিতে একটি অটোরিকশায় ঢিল ছুড়লে এটি উল্টে যায়। এরপর অটোরিকশাযাত্রীদের মারধর করে শিবিরকর্মীরা।

মারধরে আহত মাসুদকে হাসপাতালে ভর্তি করার কিছু সময় পরই তিনি মারা যান। তিনি সলঙ্গা থানার দেওভোগ গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ কর্মকর্তা আবু সাদাত বলেন, মামলার আসামি আব্দুল কাদের (২৬)কে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

কাদের সদর উপজেলার চন্ডিদাসগাতি গ্রামের নুর হোসেনের ছেলে। ওই এলাকায়ই মাসুদের অটোরিকশা হামলার মুখে পড়ে।

আওয়ামী লীগ দাবি করেছে, মাসুদ সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন যুবলীগের সদস্য। মাসুদের হত্যাকাণ্ডের বিচার দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা করেছে ক্ষমতাসীন দলটি।

পুরনো খবর:

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে মেরেছে জামায়াতকর্মীরা