২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়া ও সীতাকুণ্ডে গাড়ি ভাংচুর

জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতালে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এবং সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর ও আগুন দিয়েছে হরতাল সমর্থকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2013, 02:05 AM

Updated : 25 Apr 2022, 07:17 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার পর সীতাকুণ্ড থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি আলাদা স্থানে অর্তকিতে গাড়ি ভাংচুর করে ও আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।

এসময় মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় একটি ট্রাক ও একটি কর্ভাডভ্যান, মগ পুকুর পাড় এলাকায় একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান এবং সুলতানা মঞ্জিল এলাকায় একটি ট্রাকে আগুন দেয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সীতাকুণ্ড অঞ্চলের এএসপি সৈয়দ ইকবাল আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারীরা বিক্ষিপ্তভাবে মহাসড়কে উঠে গাড়ি ভাংচুর ও আগুন দিয়ে পালিয়ে যায়। কোনো যাত্রীবাহী গাড়িতে হামলা হয়নি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।