বিডিনিউজ টোয়েন্টিফোরের রাবি প্রতিনিধিকে হুমকি
ছাত্রলীগের ওপর হামলার ঘটনা নিয়ে সংবাদ পরিবেশন করায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এস এম নাদিম মাহমুদকে হুমকি দিয়েছেন এক শিবির নেতা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সংবাদ প্রকাশের জন্য ‘উপযুক্ত জবাব দেয়া হবে’ বলে হুমকি দেন সাইফুদ্দিন ইয়াহিয়া।
পর পর দুটি মোবাইল নম্বর থেকে (০১৯৩৮৭০৬৬৭১, ০১৭১৭৬৭১০৬৭) ফোন করে তাকে বলা হয়, “এই ভাবে রাজনৈতিকভাবে ব্লেইম দেয়ার কোনো সুযোগ নেই। এভাবে চলতে থাকলে আপনাদের পরিস্থিতি ভাল হবে না। উপযুক্ত জবাব দেয়া হবে।”
বৃহস্পতিবার দুপুরে শিবির-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের পাঁচজন আহত হয়। এ সময় শিবির কর্মীরা ইমাম মেহেদী হাসান নামে এক ছাত্রলীগ কর্মীর হাতের রগ কেটে দিয়েছে বলে ছাত্রলীগ দাবি করেছে।
ঘটনার শিকার মেহেদীর বাবা গোলাপ রহমানও ওই হামলার জন্য শিবিরকেই দায়ী করেন।
পরে ‘আবারো রগ কাটলো শিবির’ শিরোনামে সংবাদ প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ওই সংবাদের দুই ঘণ্টার মধ্যে শিবিরের পক্ষ থেকে সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, “ছাত্রলীগের ওপর হামলায় আপনি শিবিরকে জড়িয়ে এইভাবে নিউজ দিতে পারেন না। আপনার কাছে ফুটেজ নাই। পুলিশের কাছে কোনো ভিডিও ফুটেজ কি আছে, যেখানে শিবির জড়িত আছে? এইভাবে রাজনৈতিকভাবে ব্লেইম দেয়ার কোন সুযোগ নেই।”
অবশ্য রাত সাড়ে ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাবি প্রতিনিধির কাছে রাবি শিবিরের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
নাদিমকে হুমকি দেয়ার ঘটনার নিন্দা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)।
