২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ভাঙন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 01:08 AM

Updated : 23 Aug 2022, 06:56 PM

বুধবার রাত ১২টা পর্যন্ত শহরের পুরাতন জেলখানা ঘাটের সামনের অংশে প্রায় ৪০ মিটার বাঁধ তলিয়ে গেছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন।

পৌর কাউন্সিলর তাজউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ১০টার দিকে শহর রক্ষা বাঁধের হার্ডপয়েন্টে বুদবুদ উঠতে থাকে। এর কিছুক্ষণ পরই ভাঙন শুরু হয়।  

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (বিশেষায়িত শাখা) সেকশন অফিসার আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টা থেকে ভাঙন শুরু হয়ে এরইমধ্যে প্রায় ৪০ মিটার অংশ নদীতে তলিয়ে গেছে। ভাঙন অব্যাহত আছে। রাতেই ওই স্থানে জরুরি ভিত্তিতে পাথর ফেলা শুরু হয়েছে।

এর আগে গত ৮ অগাস্ট ঘটনাস্থল থেকে ১০০ মিটার উত্তরে ১০০ মিটার বাঁধ যমুনা নদীতে তলিয়ে যায়।

যমুনা নদীর ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষায় ১৯৯৫-২০০০ অর্থবছরে প্রায় সাড়ে তিনশ’ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

বাঁধ এলাকার ভাঙন নিয়ন্ত্রণের জন্য চলতি বছরের জানুয়ারি মাসে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৮৪ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ৩৩ হাজার ২৮৮ মেট্রিক টন পাথর এবং ১ লাখ জিওব্যাগ ফেলার জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। মের্সাস মোনায়েম লিমিটেড ওই কাজ পেলেও সঠিক সময়ে পাথর ও জিওব্যাগ না ফেলায় বাঁধে ধস দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।