গ্রাম আদালতে বিচারিক কাজ ‘সহজে’ বিল
গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম সহজ ও সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে ‘গ্রাম আদালত (সংশোধন) বিল-২০১৩’ জাতীয় পাস হয়েছে।
বুধবার বিলটি সংসদে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে পাসের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।
গত ২৭ জুন বিরোধী দলের আপত্তির মুখে স্থানীয় সরকার মন্ত্রীর পক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বিলটি সংসদে উত্থাপন করেন।
পরে এটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
২০০৬ সালের এ সংক্রান্ত আইন সংশোধনে বিলটি পাস করা হয়। পাস হওয়া বিলে গ্রাম আদালতের আর্থিক অধিক্ষেত্র ২৫ হাজার টাকার পরিবর্তে ৭৫ হাজার করা হয়েছে।
বিলে গ্রাম আদালতের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিশনের আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট সহকারী জজ সেটি গ্রহণের ৩০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করার বিধান রাখা হয়েছে।
বিলে কারো ক্ষতি করার জন্য মিথ্যা মামলা দায়ের করার শাস্তি হিসাবে দুই হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
গ্রাম আদালত অবমাননার শাস্তি পাঁচশ টাকার পরিবর্তে এক হাজার করার বিধানও রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যমান আইনে বিচারিক কার্যক্রম পরিচালনায় কিছু অসুবিধা পরিলক্ষিত হয়। এসব অসুবিধা দূর করতে এবং গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আইনের কিছু ধারা সংশোধন আবশ্যক।”
বিলে গ্রাম আদালতে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিধান রাখা হয়েছে।
