২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীদের সঙ্গে সংলাপ করবে দুদক

ভোটারদের কাছে প্রার্থীদের জবাবদিহি নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বদিউজ্জামান বলেন, “দুর্নীতি উচ্ছেদ ব্যাতীত দেশে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশে অনেক প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের স্লোগান ছিল- উপযুক্ত ব্যাক্তি নির্বাচন করব, দুর্নীতিমুক্ত দেশ গড়ব।”

বাংলাদেশে বেশ কয়েকবার নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম দুদক ভোটারদের কাছে প্রার্থীদের জবাবদিহি নিশ্চিতে সংলাপের পরিকল্পনা করছে।

দুর্নীতির বিষয়ে ভোটারদের সচেতন করতেই এ ধরনের উদ্যোগের পরিকল্পনা করা হচ্ছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, “দুদকের উপস্থিতিতে তারা (প্রার্থী) তাদের কথাগুলো ভোটারদের কাছে তুলে ধরবেন, ভোটাররা সরাসরি প্রার্থীদের প্রশ্ন করবেন। এটা মূলত একটি জনসেচতনতা মূলক কর্মসূচি।”

তবে এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত এখনো কমিশন নেয়নি বলে জানান তিনি।

বদিউজ্জামান বলেন, “কমিশন বৈঠকে এ সম্পর্কে আমরা কথা বলেছি। এখনো বিষয়টি পরিকল্পনার মধ্যে রয়েছে, চূড়ান্ত হয়নি। আরো কয়েকটি বৈঠকের পর আমরা এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করব।”

কমিশনে চুড়ান্ত সিদ্ধান্ত হলে দুদকের সামর্থ্য অনুযায়ী সারা দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।