দক্ষ-মেধাবীদের বাছাই করুন: পিএসসিকে প্রধানমন্ত্রী
সরকারি কর্মকর্তা নিয়োগে সততার পাশাপাশি দক্ষতা ও মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে পিএসসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি নিয়োগের ক্ষেত্রে নিংশঙ্কভাবে কাজ করতেও সাংবিধানিক এই প্রতিষ্ঠানকে পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী বুধবার আগারগাঁওয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন ভবন উদ্বোধন করেন। একই এলাকায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ ভবনের ভিত্তিস্থাপনও করেন তিনি।
পিএসসির নিজস্ব একটি ভবন থাকার গুরুত্ব উপলব্ধি করে ২০০০ সালে আগারগাঁওয়ে এই জায়গাটি বরাদ্দ দেয়া হলেও তা শেষ করতে এত দিন লাগা নিয়ে উষ্মা প্রকাশ করেন সরকার প্রধান।
আগারগাঁওয়ে ২ দশমিক ৯০ একর এলাকায় ৪০ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ে এই ভবন তৈরি করা হয়েছে।
দক্ষ, সৎ এবং মেধাবী লোকবল বাছাইয়ের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “সরকারি কর্ম কমিশন সব ধরনের প্রভাবমুক্ত থেকে উপযুক্ত লোকবল বাছাইয়ের কার্যক্রম অব্যাহত রাখবে, এটাই আমার প্রত্যাশা।”
সরকারি কর্মকমিশন (পিএসসি) ভবন।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ প্রশাসন ও মানব সম্পদের ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
“কর্মকর্তাদের একদিকে দক্ষতা অর্জন করতে হবে; অন্যদিকে জনবান্ধব প্রশাসন দরকার। প্রশাসনকে জনগণের সেবক হতে হবে। আমরাও জনগণের উন্নয়নে রাজনীতি করি। চলুন সকলে মিলে সেভাবে কাজ করি।”
সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী গঠিত পিএসসি ক্যাডারভুক্ত কর্মকর্তা এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব গেজেটেড কর্মকর্তা পদে নিয়োগ দিতে প্রার্থীদের যাচাই-বাছাই ও পরীক্ষা পরিচালনা করে। এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেন রাষ্ট্রপতি।
শেখ হাসিনা বলেন, “আমরা সরকার পরিচালনার দায়িত্ব নেয়ার পর সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠানের মতো সরকারি কর্ম কমিশনকেও শক্তিশালী করেছি। একে সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছি।”
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে সরকারি কর্মকর্তা নিয়োগে নানা অনিয়মের অভিযোগগুলো তুলে ধরে তিনি বলেন, “আমাদের সরকার হাওয়া ভবনের মতো কোনো ভবন খোলেনি, কোনো তালিকা পাঠাইনি। এজন্য,আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।”
সরকারি চাকরিতে প্রার্থী নির্বাচনে অনিয়মের সুযোগ বন্ধে নিয়োগ পরীক্ষায় অগণিত প্রশ্নসেট তৈরি এবং পরীক্ষার দিন ২০ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নের সেট নির্ধারণ এবং মৌখিক পরীক্ষায় পক্ষপাতিত্ব রোধে ২০ মিনিট আগে সাক্ষাৎকার বোর্ড গঠনের কথাও বলেন শেখ হাসিনা।
বর্তমান সরকার ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর পাঁচটি বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১০ হাজার ১১০ জন প্রার্থীর নাম সুপারিশ করেছে।
এছাড়া ৩৩তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে।
পদ স্বল্পতার কারণে বিসিএসে উত্তীর্ণদের চাকরি দিতে নন-ক্যাডার বিধিমালা প্রণয়নের কথা তুলে ধরেন তিনি।
“এই বিধিমালার আওতায় বর্তমান কমিশন ২৮, ২৯, ৩০ এবং ৩১তম বিসিএসের সর্বমোট ৯৭১ জন প্রাথীকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী তাদের নিয়োগ দেয়া হয়েছে।”
প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১ শতাংশ কোটা নির্ধারণের কথাও বলেন শেখ হাসিনা।
পিএসসি চেয়ারম্যান এ টি আহমেদুল হক চৌধুরীর সভাপতিত্বে ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও বক্তব্য রাখেন। পিএসসির সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান এতে স্বাগত বক্তব্য রাখেন।
