রাবির ভর্তি ফরম বিতরন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়েছে বুধবার। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভর্তি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ মূল্যায়ন হবে না। শুধু ১০০ নম্বরের এক ঘণ্টা নৈর্বৈক্তিক পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে এবার বিভিন্ন বিভাগে ৩১০টি আসন বাড়ানো হয়েছে।
তবে, ইউনিট ১৬টি থেকে কমিয়ে আটটি অনুষদের অধীনে আটটি ইউনিট করা হয়েছে।
আট অনুষদ হল কলা, আইন, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কৃষি, জীব ও ভূ-বিজ্ঞান এবং প্রকৌশল।
এসব অনুষদের অধীনে ‘এ’ থেকে ‘এইচ’ পর্যন্ত ইউনিটগুলোর ফরমের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৭৭০, ২৭৫, ৬৬০, ৪৪০, ৭১৫, ৫৫০, ৪৪০ ও ৪৯৫ টাকা।
রাষ্ট্রায়াত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমেও ফরম পূরণ করতে পারবেন ভির্তিচ্ছুরা।
ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd.com
থেকে পাওয়া যাবে।
