পুরোপুরি শঙ্কামুক্ত নন সাংবাদিক নাজনীন
মেয়ের মৃত্যুর খবরে পাঁচতলা থেকে লাফিয়ে আহত নারী সাংবাদিক নাজনীন আক্তার এখনো পুরোপুরি শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নাজনীনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক এইচ এ নাজমুল হাকিম সাংবাদিকদের বলেন, নাজনীনের বুকের দুটি হাড় এবং মেরুদণ্ডের পেছনের হাড় ফুলে গেছে। ডান হাতের আঙুল ভেঙেছে।
“তবে এই মুহূর্তে তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে না।”
মুকুল-নাজনীন দম্পতির ছয় বছরের মেয়ে চন্দ্রমুখী সোমবার বিকালে শিশু হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়।
চন্দ্রমুখীর মৃত্যু হলে শোকগ্রস্ত নাজনীন কল্যাণপুরে তাদের ভাড়া বাসার পাঁচতলার ওপর থেকে লাফিয়ে পড়েন। প্রথমে তাকে সোহরাওয়ার্দি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
দৈনিক জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি উত্তম চক্রবর্তী জানান, মঙ্গলবার বিকালে নাজনীনের এমআরআই পরীক্ষা করা হয়েছে। এদিন স্বামী ও স্বজনদের সঙ্গে কথা বলেছেন তিনি।
