২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকন রাজাকারের বিষয়ে আদেশ ২৯ সেপ্টেম্বর

নগরকান্দার পৌর মেয়র বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের অভিযোগ গঠন বিষয়ে আদেশ দেয়া হবে আগামী ২৯ সেপ্টেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 09:49 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক মঙ্গলবার এ আদেশ দেন।

এদিন খোকন রাজাকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন প্রসিকউটর মোখলেছুর রহমান বাদল। পলাতক এ অভিযুক্তের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।

শুনানিতে প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল বলেন, জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার একজন স্বঘোষিত রাজাকার। তার বিরুদ্ধে আনা সব অভিযোগের পক্ষে বিভিন্ন নথিপত্র ইতোমধ্যেই আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি।

আসামিপক্ষের আইনজীবী আব্দুস শুকুর খান বলেন, একাত্তরে নগরকান্দার এলাকায় যে খোকন রাজাকারের নেতৃত্বে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ হয়েছিল, আর প্রসিকিউশন যে খোকনের কথা উল্লেখ করেছে, তারা একই ব্যক্তি নয়।

তিনি আরো বলেন, অভিযোগপত্রে উল্লেখিত খোকনের বাবার নাম উল্লেখ করা হয়নি।

শুনানির পরে জাহিদ হোসেন খোকনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কিনা সে বিষয়ে আদেশ দেয়ার জন্য দিন ধার্য করা হয়।

গত ১৮ জুলাই মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ আমলে নিয়ে খোকনকে গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

এবছরের ২৩ জুন প্রসিকউটর মোখলেসুর রহমান বাদল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর খোকন রাজাকারের বিরুদ্ধে ১১টি অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন। একইসঙ্গে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আবেদন করেন।

প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল অভিযোগ জমা দেয়ার দিন সাংবাদিকদের বলেন, “জাহিদ হোসেন ওরফে খোকন রাজাকার একজন স্বঘোষিত রাজাকার, যে বলে, ‘আমি রাজাকার ছিলাম, আছি, রাজাকার হিসেবেই মৃত্যুবরণ করতে চাই’।”

এর আগে গত ২৯ মে তার বিরুদ্ধে ১৩টি অপরাধে জড়িত থাকার অভিযোগে তদন্ত চুড়ান্ত করে তদন্ত সংস্থা চিফ প্রসিকউটরের তদন্ত প্রতিবেদন জমা দেন।

তদন্ত সংস্থার প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার হিসেবে জাহিদ হোসেন খোকন লুটপাট, অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্মান্তরকরণ, ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।

তিনি বৃহত্তর ফরিদপুর জেলার নগরকান্দায় এসব অপরাধ সংঘটন করেন।

২০১২ সালের ১৬ এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকালে এ মামলায় ৭৮ জনের বেশি লোকের সাক্ষ্য নেয়া হয়েছে। ৫০ জনকে সাক্ষী করা হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ২৯ মে চাঁদের হাটে পাকিস্তানী সেনাবাহিনী ও এদেশীয় রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় ধরনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ভাই জাফর রাজাকার মারা যাওয়ার পর তার ভাই খোকন নগরকান্দা রাজাকার বাহিনীর প্রধান হন।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।

২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।