সাঈদীর আপিল শুনানি হয়নি
একাত্তরে খুন-ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানির দিন নির্ধারিত থাকলেও মঙ্গলবার তা শুরু হয়নি।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারকের বেঞ্চ এই মামলায় ‘পাসড ওভার’ দেয়।
গত ৩০ জুলাই সর্বোচ্চ আদালত জানিয়েছিলো, ১৭ সেপ্টেম্বর সাঈদীর মামলার আপিল শুনানি শুরু হবে।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ে ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে তাকে ওই দণ্ড দেয়া হয়।
আরো ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হলেও অন্য অভিযোগে ফাঁসির আদেশ যাওয়ায় সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত।
এই ছয় অভিযোগে তার শাস্তি চেয়ে আপিল করে প্রসিকিউশন। এছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপিলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চাওয়া হয়।
অন্যদিকে সব অভিযোগ থেকে অব্যাহতি ও দণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন সাঈদী।
প্রধান বিচারপতির নেতৃত্বে এই বেঞ্চেই আব্দুল কাদের মোল্লার আপিল মামলার শুনানি হয়। মামলাটি এখন চূড়ান্ত রায়ের অপেক্ষায়।
প্রথমদিকে এই বেঞ্চে বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়াসহ মোট ছয় বিচারপতি ছিলেন। তিনি অবসরে যাওয়ার পর বর্তমানে পাঁচ বিচারপতি রয়েছেন।
২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত এই বিচার প্রক্রিয়া শুরুর পর তৃতীয় রায়ে সাঈদীর ফাঁসির রায় আসে। ওই রায়ের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির নেতাকর্মীরা সহিংস বিক্ষোভ দেখায়। সরকারি হিসেবে এতে পুলিশসহ নিহত হন ৭০ জনেরও বেশি মানুষ।
