২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজত নেতা ইজাহারুলের বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদকের পাঠানো নোটিশের জবাব না দেয়ায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের উপ সহকারী পরিচালক সিরাজুল হক বাদি হয়ে নগরীর খুলশী থানায় এ মামলা করেন।

মুফতি ইজাহারুল ইসলাম নগরীর লালখান বাজারে অবস্থিত জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার (লালখান বাজার বড় মাদ্রাসা) মহাপরিচালক। একইসঙ্গে তিনি নেজামে ইসলামী পার্টির কেন্দ্রীয় সভাপতি এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির। 

দুদকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদকের প্রধান কার্যালয় থেকে গত ৭ সেপ্টেম্বর মুফতি ইজাহারের কাছে সম্পত্তির বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়। তিনি তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে নোটিশটি তার বাসভবনে টাঙিয়ে দেয়া হয়।

নোটিশ অবজ্ঞা করে তার জবাব না দেয়ায় দুর্নীতি দমন কমিশনের আইনের ২৬ এর ২ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে দুদক পরিচালক জানান।

এই আইনে তিন বছর কারাদণ্ডের বিধান রয়েছে।