২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় দ্রুত কার্যকর চায় বামদলগুলো

উচ্চ আদালতে জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 05:01 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

মঙ্গলবার সিপিবি’র এক বিবৃতিতে বলা হয়, ‘উচ্চ আদালতের আপিলের রায়ে কাদের মোল্লার ফাঁসির আদেশ হওয়ায়, সমগ্র দেশবাসীর সঙ্গে আমরাও সন্তোষ প্রকাশ করছি। কাদের মোল্লার ফাঁসির দাবিতে শাহবাগসহ সারাদেশে তরুণ-যুবসমাজসহ দেশবাসী যে আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আন্দোলনের যৌক্তিকতা প্রমাণিত হয়েছে।’

কাদের মোল্লার ফাঁসির রায় দ্রুত কার্যকর করার মধ্য দিয়েই দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

একই সাথে অন্যান্য যুদ্ধাপরাধীদেরও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানায় সিপিবি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

এর বিরুদ্ধে দুই পক্ষই আপিল করলে আপিল বিভাগ আসামি পক্ষের আপিল আবেদন খারিজ করে দিয়ে প্রসিকিউশনের আবেদন গ্রহণ করে কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ দেয়।

এদিকে ওয়ার্কাস পার্টির এক বিবৃতিতে বলা হয়, এই রায়ে দেরিতে হলেও জনগণ ন্যায়বিচার পেয়েছে। মুক্তিযুদ্ধে লাখ শহীদের ঋণভার মুক্ত হলো জাতি। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠার পথে জাতি একধাপ এগিয়ে গেল।

অবিলম্বে রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানায় ১৪ দলের এই শরিক দল।

রায়ের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জাসদের কার্যকরী সভাপতি মাইনুদ্দিন খান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ রায়ের মাধ্যমে জাতির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে।”