২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে চট্টগ্রামে গ্রামীণফোনের থ্রি জি

কোরবানির ঈদের আগে ঢাকার মতো চট্টগ্রামেও থ্রি জি সেবা চালু করবে গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 05:41 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

সোমবার বন্দর নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে গ্রামীণফোন কর্মকর্তারা বলেন, ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় থ্রি জি সেবা চালু হবে।

শুরুতেই নগরীর আগ্রাবাদে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা চালু করবে গ্রামীণফোন, এরপর পর্যায়ক্রমে নগরীর অন্যান্য স্থানেও তা চালু হবে।

সংবদ সম্মেলনে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার এলান বনকে বলেন, “দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে ঢাকার পাশাপাশি একই সময়ে গ্রামীণফোনের থ্রি জি সেবা চালু হচ্ছে।”

নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে পুরো চট্টগ্রাম থ্রিজি নেটওয়ার্কের আওতায় আসবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে জানানো হয়, গ্রামীণফোন তাদের গ্রাহকদের বিষয়টি মাথায় রেখে সাধ্যের মধ্যে বিভিন্ন থ্রিজি প্যাকেজ ও ডিভাইস চালু করবে। গ্রামীণফোন তার উচ্চমানের নেটওয়ার্ক ও সেবার জন্য পরিচিত। থ্রিজির ক্ষেত্রেও আমরা সেই মান বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ।

গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন বলেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রামকে সমান গুরুত্ব দিয়ে গ্রামীণফোন কাজ করছে।

“সারাদেশের আমাদের গ্রাহক বেশি হলেও চট্টগ্রামে কম। আমরা চট্টগ্রামেও শীর্ষে যেতে চাই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিম না বদলে শুধু এসএমএসের মাধ্যমে একজন গ্রামীণফোন গ্রাহক থ্রি জি সেবা নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের হেড অব কর্পোরেট (কমিউনিকেশন্স) তাহমীদ আজিজুলও ছিলেন।