২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধে দণ্ডিতরা নির্বাচনে অযোগ্য হচ্ছে

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রীসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 03:20 PM

Updated : 13 Oct 2022, 02:57 PM

পুরনো খবর:

ভোটাধিকার থাকছে না দণ্ডিত যুদ্ধাপরাধীদের

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (অধ্যাদেশ) (সংশোধন) আইন ২০১৩ এর খসড়া ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।

গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছিল, জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে সাজাপ্রাপ্ত হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। সংশোধিত আইনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্তদেরও এর আওতায় আনা হয়েছে। 

ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত যারা আপিল করেছেন, তাদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে কি না জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এ বিষয়ে খসড়ায় কিছু বলা হয়নি।”

এর আগে বাহাত্তরের দালাল আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনে সাজাপ্রাপ্তদের ভোটার হওয়ার পথ বন্ধ করতে গত ২ সেপ্টেম্বর ভোটার তালিকা আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়। রায়ে এ পর্যন্ত ছয় জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে, যাদের চার জন মৃত্যুদণ্ড পেয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত জাময়াত নেতা গোলাম আযম, দেলাওয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মো. কামারুজ্জামান ও আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের মধ্যে শেষ ব্যক্তি ছাড়া সবাই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানত ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

পাশাপাশি প্রার্থীদের নির্বাচনী ব্যয়সীমাও বাড়ানোর কথা বলা হয়েছে সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে। এ আইন পাশ হলে আগামী নির্বাচনে একজন প্রার্থী ২৫ লাখ টাকা খরচ করতে পারবেন, আগে যা ১৫ লাখ টাকা ছিল।

তবে দলীয় প্রধানদের নির্বাচনী ভ্রমণ এই ব্যায়ের অন্তর্ভুক্ত হবে না বলে সচিব জানান।

তিনি বলেন, রাজনৈতিক দলে ব্যক্তির অনুদান সীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা করা হয়েছে। আর সংস্থার অনুদানের ক্ষেত্রে সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িযে ৫০ লাখ টাকা করা হয়েছে।