দাবি না মানলে পরিবহন ধর্মঘট খাগড়াছড়িতে
রেজিস্ট্রেশনবিহীন যানবাহন চলাচল বন্ধ, সড়ক সংস্কার, চাঁদাবাজি বন্ধসহ আটদফা দাবি পূরণ না হলে আগামী বৃহস্পতিবার থেকে খাগড়াছড়ি জেলায় পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকরা।
সোমবার খাগড়াছড়ি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ এই ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠটির সদস্য সচিব মো. ইউনুছ অভিযোগ করেন, জেলার সবকটি সড়কে মোটরবাইক, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা (মাহিন্দ্র-সিএনজি) নির্দিষ্ট ষ্টপেজের বাইরে যত্রতত্র যাত্রী পরিবহন করছে।
পুলিশ ডিউটির জন্য পর্যাপ্ত জ্বালানি ছাড়া একতরফা গাড়ি রিকুইজিশন করছে। অধিকাংশ সড়কই যান চলাচলের অনুপযোগী। সড়ক চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। ফলে খাগড়াছড়ির গণপরিবহন ব্যবস্থায় অরাজকতা বিরাজ করছে।
তাই জেলায় একটি সুষ্ঠু পরিবহন নীতিমালা প্রণয়নের জন্যই পরিবহন সংগঠনগুলো আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এস এম শফি, পার্বত্য যানবাহন সমিতির সভাপতি রত্নকুসুম চাকমা, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল আজিম, জিপ মালিক সমিতির সহ-সভাপতি মো. শহীদুল্লাহ এবং ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাধন দাশ।
