পাবনায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত
পাবনার আতাইকুলায় ট্রাকচাপায় এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার সকালে পাবনা-নগড়বাড়ি মহাসড়কের মাধপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহত শরিফুল ইসলাম (৩০) সাথিয়া উপজেলার রাউতি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী একঘণ্টা পাবনা-নগড়বাড়ি মহাসড়ক আবরোধ করেছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শরিফুল মাধপুর কুঠিগাড়া গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং আলোকদিয়ার বাজারে একটি মুদি দোকান চালাতেন।
সকালে বাড়ি থেকে দোকানে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার সময় তিনি ট্রাকচাপা পড়েন এবং ঘটনাস্থলে নিহত হন।
ওসি রবিউল আরো বলেন, এরপরই স্থানীয় লোকজন পাবনা-নগড়বাড়ি মহাসড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় রাস্তার উভয় পাশে কয়েকশ’ যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
একঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করলেও চালককে ধরা যায়নি।
