২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলায় কাশ্মিরি জঙ্গির বাংলাদেশি স্ত্রীর সাক্ষ্য

একুশে অগাস্ট গ্রেনেড হামলার  মামলায় সাক্ষ্য দিয়েছেন কাশ্মিরি জঙ্গি মাজেদ বাটের বাংলাদেশি সাবেক স্ত্রী নাহিদ লায়লা কাঁকন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2013, 01:13 AM

Updated : 25 Apr 2022, 07:15 PM

৩৪ বছর বয়সি কাঁকন রোববার নাজিম উদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার  ট্রাইবুনালের বিশেষ এজলাসে মামলার ৭৩তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন।

শেখ হাসিনাকে হত্যাচেষ্টার এই মামলার আসামি পাকিস্তানি নাগরিক মাজেদ বাটের সঙ্গে কাঁকনের পরে ছাড়াছাড়ি হয়ে যায়।  

মোহাম্মদপুর কেন্দ্রীয় কেলেজ থেকে রসায়নে স্নাতক ডিগ্রি নেয়া কাঁকন সাক্ষ্যে বলেন, এই মামলার  অন্যতম আসামি আরিফ হাসান সুমনের সঙ্গে সংসদ ভবনের সামনে তার পরিচয় হয়। তার মাধ্যমেই পরিচয় ঘটে মাজেদ বাটের সঙ্গে।

মামলার পলাতক আরেক আসামি মাওলানা তাজউদ্দিনের মধ্যস্থতায় ২০০৩ সালে মাজেদের সঙ্গে কাঁকনের বিয়ে হয়। বিয়ের সময় মাজেদ বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার দাবি করেছিলেন বলে জানান কাঁকন।

সুমনের মোহাম্মদপুরের বাড়ির একটি ফ্ল্যাটে মাজেদের সঙ্গে সংসার শুরু করেছিলেন কাঁকন। ওই বাড়িতে মাওলানা তাজউদ্দিন, মুফতি হান্নান, সুমনের দুলাভাই মাওলানা ইদ্রিস, মাওলানা মুনির আহমেদ আসা-যাওয়া করতেন বলে জানান তিনি।

“আমি একদিন আমার স্বামীকে জিজ্ঞাসা করি, এরা আমাদের বাসায় আসে কেন? তখন মাজেদ বলে ,এরা কাশ্মিরের হিজবুল মুজাহেদিনের লোক।  এর কিছুদিন পর আমি দেখি, এদের সঙ্গে আরো দুই পাকিস্তানি দুটি কার্টনে ওজনদার ভারী জিনিস নিয়ে আসে। আমি জানতে পারি, এতে গ্রেনেড ও গুলি রয়েছে। পরে মাওলানা তাজউদ্দিন , মুনির, ইদ্রিস, মুফতি হান্নান ওই কার্টনগুলো নিয়ে যায়।”

এভাবে বেশ কয়েকবার ওই বাড়িতে গ্রেনেড ও গুলি আনা-নেয়া হয়েছিল বলে জানান কাঁকন।

“এরপর একদিন আমার বাসায় আসা তাদের  কথাবার্তা শুনি। এইটুকু বুঝতে পারি যে তারা আওয়ামী লীগের ওপর দারুণ ক্ষুব্ধ। আমার স্বামীকে জিজ্ঞাস করলে সে বলে, এনিয়ে তোমার চিন্তা করার কিছু নেই। আর এগুলো বাইরে কারো কাছে বলার দরকার নেই।”

“আমাকে সে বলে, ভয়ের কিছু নাই। মাওলানা তাজউদ্দিনের ভাই একজন মন্ত্রী (আব্দুস সালাম পিন্টু)। তিনি আমাদের সঙ্গে রয়েছেন।”

এর কিছুদিন পর গর্ভের সন্তান নিয়ে সিরাজগঞ্জে বাবার বাড়িতে চলে যান কাঁকন। ২০০৪ সালের জুলাইয়ে তার সন্তান ভূমিষ্ঠ হয় সেখানে।

“এর এক-দেড়মাস পর আমাকে মাজেদ সিরাজগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে। পরে  টেলিভিশন ও পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারি যে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে।”

গ্রেনেড মামলায় সম্পূরক অভিযোগপত্রে আসামির তালিকায় অন্তর্ভুক্ত মাজেদের আইনজীবী পারভেজ হোসাইন সাক্ষী কাঁকনের জবানবন্দি নেয়া স্থগিতের আবেদন করলেও তা নাকচ করেন বিচারক শাহেদ নূর উদ্দিন।

গ্রেপ্তার আসামি আরিফ হাসান সুমনের পক্ষে তার আইনজীবী জসীম উদ্দিন সাক্ষীকে জেরা করতে চেয়েছেন। শুনানির পরবর্তী দিন তিনি জেরা করার সুযোগ পাবেন।

পুরনো খবর:

গ্রেনেড হামলা: ৪৯১ সাক্ষীর ৭১ জনের সাক্ষ্যগ্রহণ