নকলে করতে বাঁধা দেয়ায় পরীক্ষা পণ্ড
নকল করার সুযোগ না পাওয়ায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়ে পরীক্ষা পণ্ড করে দিয়েছে একদল শিক্ষার্থী।
রোববার দুপুরের এ ঘটনার সময় ল্যাবের কম্পিউটার, আসবাব ভাংচুর ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ করেছেন পরীক্ষা হলে দায়িত্বরত শিক্ষকরা।
রাজাপুরের অস্থায়ী ক্যাম্পাস টিটিসি ও কাঁলাচাদপাড়াস্থ লাইব্রেরি ভবনে তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই), ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিসি) এবং ফিজিক্স ইউনিটের তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টার পরীক্ষা চলছিল।
পাবিপ্রবির জি ই ইউ পি বিভাগের শিক্ষক রাহিদুল ইসলাম রাহী, আই সি ই বিভাগের শিক্ষক আ ফ ম জয়নূল আবেদীন, সি ই বিভাগের শিক্ষক মো. রাশেদুর হক ও ফিজিক্স বিভাগের শিক্ষক সমীরণ কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেন, তারা চারজনই দুইটি পরীক্ষার কক্ষে ইনভেজিলেটর হিসেবে দায়িত্বে ছিলেন। যথাসময়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পর পরই ছাত্রলীগের নেতারা এসে পরীক্ষা হলে নকল করতে সুযোগ দেয়ার দাবি করেন।
এ সময় শিক্ষকরা তাদের পরীক্ষা হলে নকল করতে নিষেধ করেন। এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা পরীক্ষা হলের বাইরে গিয়ে কয়েকটি ফাঁকা গুলি ছোঁড়ে আতংক সৃষ্টি করে।
শিক্ষক রাহিদুর ইসলাম রাহী বলেন, ছাত্রলীগের নেতাদের অনৈতিক দাবি সমর্থন না করায় তারা লাইব্রেরি ভবনের কম্পিউটার ল্যাবে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় শিক্ষকসহ পরীক্ষার্থীরা আতঙ্কিত হয়ে এদিক-ওদিক ছোটাছুটি করে।
এরই এক পর্যায়ে ছাত্রনেতাদের চাপের মুখে লাইব্রেরি ভবনের দুইটি কক্ষের ৯১ পরীক্ষার্থীকে বের করে দেয়া হয়।
প্রক্টর কামরুজ্জামানের তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুনেছি লাইব্রেরি ভবনে নকল করাকে কেন্দ্র করে শিক্ষকদের সঙ্গে কতিপয় ছাত্রনেতাদের বাকবিতণ্ডা হয়েছে।
প্রক্টর কামরুজ্জামান আরো বলেন, টিটিসি পরীক্ষা কেন্দ্রে কোন সমস্যা হয়নি। যথারীতি পরীক্ষা চলছে।
পাবিপ্রবির শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হাবিবুল্লাহ টিটিসিতে অবস্থানকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেমন কোন ঘটনা ঘটেনি। তিলকে তাল তৈরি করা হচ্ছে মাত্র। বিশ্ববিদ্যালয় থাকলে তুচ্ছতাচ্ছিল্য ঘটনা হতেই পারে।”
পাবিপ্রবি শাখা ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরীক্ষায় কিছু ছাত্রকে পরীক্ষা দিতে না দেওয়ায় কর্তৃপক্ষের নিকট তাদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য দাবি করা হয়।
কিন্তু কর্তৃপক্ষ সে দাবিকে তোয়াক্কা না করায় পরীক্ষা চলাকালে শিক্ষকদের সাথে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।
এ ঘটনায় ছাত্ররা পরীক্ষা বাদ দিয়ে উঠে আসে বলে দাবি করেন ছাত্রলীগ আহবায়ক মিজানুর রহমান সবুজ।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববারের পরীক্ষাটি বাতিল করে দেয়।
