২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শতাধিক প্রাচীন শিলালিপি নিখোঁজ’

গত তিন দশকে ঢাকা থেকে শতাধিক প্রাচীন শিলালিপি নিখোঁজ হয়েছে বলে একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2013, 08:55 PM

Updated : 23 Aug 2022, 06:54 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ঢাকার নিখোঁজ শিলালিপি’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে একদল তরুণ মাঠকর্মী প্রায় চার বছর ধরে অনুসন্ধান চালিয়ে এ প্রতিবেদন তৈরি করেন।

নিখোঁজ শিলালিপি বিষয়ে ২০১০ সালে প্রথম অনুসন্ধান শুরু করে এ কমিটি। ওই বছরের ২৭ অগাস্ট  তাদের প্রথম প্রতিবেদন ‘ঢাকার শিলালিপি’ প্রকাশ করে।

এ প্রতিবেদন তাদের দ্বিতীয় প্রকাশনা। এবার জরিপের মাধ্যমে প্রাওয়া ঢাকার ৬৩টি অপ্রকাশিত শিলালিপির আলোকচিত্র প্রকাশ করেছে তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দশকে যেসব শিলালিপি হারিয়ে গেছে তার বেশিরভাগই নিখোঁজ হয়েছে  নব্বইয়ের দশকের পর।

প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, শিলালিপি কেবল প্রস্তর পাথরের খণ্ডই নয়, তা একেকটা ইতিহাসেরও খণ্ড। ইতিহাসের এই খণ্ডগুলোকে সংরক্ষণ করতে হবে।

তিনি বলেন, মানুষ, সম্পদ এবং তাদের স্মৃতি নিখোঁজ হয়ে যায়। কিন্তু ইতিহাসও যে নিখোঁজ হয়ে যেতে পারে তা কেবল এই দেশেই দেখা যায়।

ঢাকার স্থাপত্য বিষয়ক গ্রন্থ প্রণয়ন কমিটির সভাপতিমণ্ডলির সভাপতি আবুল কালাম মোহাম্মাদ যাকারিয়া বলেন, শুধু ঢাকা নয়, দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন শিলালিপিগুলো। এগুলোর রক্ষণাবেক্ষণ প্রয়োজন।

শিলালিপি চিরতরে নিখোঁজ হওয়ায় আশঙ্কা প্রকাশ এ প্রত্নতত্ত্ববিদ বলেন, “শিলালিপি যেভাবে হারিয়ে যাচ্ছে তাতে কিছুদিন পর আর তা পাওয়া যাবে না।”

শোলাকিয়া ঈদ জামায়াতের ইমাম মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ বলেন, শিলালিপি ইতিহাসের শক্তিশালী উপাদান। ইতিহাস থেকে শিক্ষা নেয়ার জন্য শিলালিপি বিরাট মাধ্যম।

ভাস্কর রাশা বলেন, “ঐতিহ্য জাতির চেতনার আলো। এই ঐতিহ্যকে সংরক্ষণ করতে না পারলে জাতি হিসেবে আমরা চেতনাশূন্য হয়ে যাব।”

অনুষ্ঠানে  অন্যদের মধ্যে আলোকচিত্রী পাভেল রহমান, ফাদার তপন ডি রোজারিও, স্থপতি শামসুল ওয়ারেস, অধ্যাপক নাজমা খান মজলিশ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক শামীম বানু প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে ‘ঢাকার নিখোঁজ শিলালিপি’ প্রতিবেদন পাঠ করেন কমিটির অন্যতম মাঠকর্মী জাকারিয়া মণ্ডল।