গণতন্ত্রে সহিংসতার স্থান নেই: মজিনা
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোন স্থান নেই।
“দেশের দুই বড় দলের মধ্যে গঠনমূলক সংলাপের মধ্যদিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।”
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ও জাতিসংঘের মহাসচিব বান কি মুন দুই বড় দলকেই সহিংসতা এড়িয়ে সেই গঠনমূলক সংলাপের আহ্বানই জানিয়েছেন বলে মন্তব্য করেন মজিনা।
শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে প্লেজ হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
প্লেজ হারবার স্কুল অ্যান্ড স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সাইদুল ইসলামের সভাপতিত্বে ‘২০৪০ সালে কেমন বাংলাদেশ দেখতে চাই’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন মজিনা।
রচনা প্রতিযোগিতায় ঢাকার গ্রিন জেমস ইন্টারন্যাশনাল স্কুলের সামিহা মাহবুব প্রথম পুরস্কার লাভ করেন।
এ সময় সেখানে রাষ্ট্রদূতের স্ত্রী মিসেস গ্রেস মজিনা, প্রিন্সিপাল মার্টিন এফ. মাই প্রমুখ উপস্থিত ছিলেন।
২০১১ সালে শ্রীপুরের সিংগারদিঘি এলাকায় ২৭ একর জমিতে এক হাজার ৮০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন আন্তর্জাতিক মানের ওই স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠা করা হয়।
বর্তমানে এখানে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।
এখানে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন দেশের ১৮ জন বিদেশি শিক্ষকও রয়েছেন।
এখানে আন্তর্জাতিকমানের ক্রিকেট মাঠ ও ফুটবল স্টেঢিয়াম ছাড়াও সুইমিংপুল, বাস্কেটবল কোর্ট, ভলিবল কোর্ট, ব্যাডমিন্টন কোর্টসহ খেলাধুলার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে।
