বাল্যবিয়ের জন্য কাজীকে কারাদণ্ড
নারায়ণগঞ্জে বাল্যবিয়ে পড়ানোর প্রস্তুতিকালে এক কাজীকে আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিমতলী এলাকায় এ ঘটনায় বর ও কনের পরিবারকেও এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাউছুল আযম জানান, নিমতলী এলাকার ফাতেমা ইসলাম সোহাগীর সঙ্গে দেওভোগ এলাকার রনির বিয়ের প্রস্তুতি চলছিল।
“বাল্যবিয়ের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। কনে নিজেই স্বীকার করেন, তার বয়স ১৮ বছরের কম।”
জন্ম নিবন্ধন সনদ না দেখে বাল্যবিয়ে পড়ানোর উদ্যোগ নেয়ায় বাল্যবিয়ে নিরোধ আইনে কাজী ইসলাম মিয়াকে দণ্ড দেয়া হয়।
কারাদণ্ডের পাশাপাশি কাজীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা না দিলে তাকে আরো সাত দিন কারাগারে কাটাতে হবে।
