শ্রমিকের নূন্যতম মজুরি ৮ হাজার করার দাবি
শ্রমিকের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করা, ট্রেড ইউনিয়নের অধিকার দেয়াসহ আট দফা দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ ও মিছিল করেছে বাসদ।
শুক্রবার বিকালে শহরের ২ নং রেলগেইটে এলাকায় বাসদ জেলা শাখা আয়োজিত এই সমবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক নেতা সেলিম মাহমুদ।
সমাবেশে বক্তারা বলেন, গার্মেন্টস কারখানায় শ্রমিকরা দিন-রাত পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখছে। অথচ তাদের জীবন অচল হয়ে পড়ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল সবকিছুই বাড়ছে। বাড়ছে না শুধু শ্রমের দাম।
তাই গার্মেন্টসসহ সকল শ্রমজীবীদের দাবি শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করা হোক।
তারা বলেন, গত ১৫ জুলাই সংসদে শ্রম সংশোধনী আইন ২০১৩ পাশ হয়েছে। এই সংশোধনীতে নির্যাতনের নতুন ধারা যুক্ত হয়েছে। অসদাচরণের শাস্তির নামে শ্রমিক হয়রানি আরো বাড়বে।
সুতরাং এই অগণতান্ত্রিক শ্রম আইন বাতিল, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকারসহ আট দফা দাবি মেনে তা বাস্তবায়নের দাবি জানান তারা।
