বাগেরহাটে জামায়াত-শিবিরের ৪০ নেতাকর্মী গ্রেপ্তার
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে বাগেরহাটের শরণখোলা উপজেলায় জামায়াত-শিবিরের ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে শরণখোলার রাজৈর গ্রামের জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম কবীরের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শরণখোলা থানার ওসি হুমায়ুন কবীর জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে উপজেলা জামায়াতের আমিরের বাড়িতে জামায়াত ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছিলেন।
“সেখান থেকেই উপজেলা জামায়াতের সেক্রেটারি সরোয়ার হোসেন বাদল, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি শামীম হাসান, উপজেলা ছাত্র শিবিরের বেলাল হোসাইনসহ ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”
এদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন জানান, তাদের পূর্ব নির্ধারিত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠান চলছিল সেখানে।
