রাজধানীতে ছয় ‘নৌ ডাকাত’ গ্রেপ্তার
রাজধানীর গেন্ডারিয়া থানার একটি ঘাট থেকে অস্ত্রসহ ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নৌপথে ডাকাতিতে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন- নুরুল ইসলাম তালুকদার (৫৪), মো. ইসমাইল হোসেন মাসুদ (২৮), সিদ্দিক সরকার ওরফে খোকন(৩১), মো. জলিল মোল্লা (৩০), মো. সোহাগ (২৮) ও আশরাফ ওরফে আসাদ(৩০)।
শুক্রবার দুপুরে মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-কমিশনার মো. মাসুদুর রহমান জানান, আগের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গেন্ডারিয়া থানার মিলব্যারাক সিএসডি ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দারা।
তাদের কাছ থেকে তালা ভাঙার কয়েকটি কার্টার, চাপাতি, শাবল ও রডসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মাসুদুর রহমান বলেন, “এরা সবাই আন্তঃজেলা নৌ ডাকাত দলের সদস্য।”
এরা নদী পথে বিভিন্ন ব্যক্তি এবং নদী সংলগ্ন এলাকার স্বর্ণের দোকান ও বাড়িতে প্রায়ই ডাকাতি করতো বলে দাবি করেন তিনি।
এদের মধ্যে নুরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে কেরানীগঞ্জ ও উত্তরখান থানায় ডাকাতির মামলা রয়েছে।
অন্যদের বিরুদ্ধে কোনো থানায় মামলা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান উপ-কমিশনার।
তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।
