বাড়ি যাচ্ছেন রাষ্ট্রপতি
দুদিনের সফরে শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ তার নিজের বাড়ি কিশোরগঞ্জে যাচ্ছেন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ভাটির এ জেলায় এটিই তার প্রথম সফর।
রাষ্ট্রপতিকে বরণ করতে জেলা শহরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, শনিবার দুপুর তিনটায় হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি কিশোরগঞ্জ পৌঁছার পর পুরাতন স্টেডিয়ামে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
“পৌর নাগরিক পরিষদ এ সংবর্ধনার আয়োজন করেছে। রাতে তিনি শহরের খরমপট্টি এলাকার নিজ বাসভবনে অবস্থান করবেন।”
ফাইল ছবি
সেখান থেকে ফেরার পথে তিনি কিশোরগঞ্জ পৌরসভা চত্বরে গাছের চারা রোপণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি তার দীর্ঘদিনের কর্মস্থল কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি আয়োজিত সংবর্ধনা সভায় যোগ নেবেন।
এরপর তিনি কিশোরগঞ্জ ত্যাগ করবেন বলে জানান জেলা প্রশাসক।
এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে দিনরাত চলছে শহরের রাস্তাঘাট সংস্কার ও পরিচ্ছন্নকরণ, ফুটপাতের ভাসমান দোকান উচ্ছেদ, ব্যানার ও পোস্টার অপসারণসহ সৌন্দর্য বর্ধনের কাজ।
রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন স্থানে আকর্ষণীয় তোড়ণ নির্মাণ করা হয়েছে এবং রাস্তার দুপাশ জুড়ে বিভিন্ন রংয়ের পতাকা টানানো হয়েছে।
একই সঙ্গে গোটা জেলা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
