ঝিনাইদহের ‘চরমপন্থি’ সদস্য খুন চুয়াডাঙ্গায়
চুয়াডাঙ্গা সদরে এক ‘চরমপন্থি’ সদস্যকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার কুতুবপুর গ্রামের দয়াচর মাঠে রাসেল আহমেদের (৩০) লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার কোনো এক সময় তাকে হত্যা করা হয় বলে পুলিশ ধারণা করছে।
রাসেল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি কখনো চুয়াডাঙ্গার কুতুবপুর গ্রামে শ্বশুরবাড়ি কিংবা কখনো ঝিনাইদহের ফতেপুর গ্রামে নিজ বাড়িতে থাকতেন বলে পুলিশ জানিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি গাজী মো. ইব্রাহিম জানান, সকালে এলাকাবাসী কুতুবপুর গ্রামের মাঠে লাশটি দেখে পুলিশে খবর দেয়। সন্ত্রাসীরা অন্য কোথাও থেকে তাকে অপহরণ করে এনে হত্যার পর লাশ ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল হক জানান, নিহত রাসেল চরমপন্থি সংগঠন পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) ক্যাডার ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।
আভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
