২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসায় ঢুকে গুলি করে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2013, 11:30 AM

Updated : 23 Aug 2022, 06:54 PM

মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উত্তর যাত্রাবাড়ীর ৯৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

নিহত মো. বখতিয়ার লতিফ (২০) একটি ইংরেজি মাধ্যমের স্কুলে ‘ও’ লেভেল পাস করেছিল। জানুয়ারিতে ‘এ’ লেভেলে ভর্তি হওয়ার কথা ছিল।

বখতিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভীর বড় ভাই জাহিদ আল লতিফের একমাত্র সন্তান।

এ ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে বখতিয়ারের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। মামলায় তার ঘর থেকে ৪ ভরি সোনা ডাকাত দল নিয়ে গেছে বলে উল্লেখ রয়েছে।

পুলিশ কর্মকর্তা মিনহাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথমে ঘটনাটি ডাকাতি কিনা বুঝতে অসুবিধা হলেও তদন্ত থেকে পাওয়া যায় এটি একটি ডাকাতি।”

তিনি বলেন, প্রথমে ডাকাত দল বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করেন। পিছনের পকেট গেটের তালা ভেঙে তারা ভিতরে ঢুকেছিল।

বাড়িতে বখতিয়ারের মা-বাবা, দাদি ছাড়াও দুই গৃহকর্মী ও এক গৃহকর্মীর স্বামী ছিলেন।

ডাকাত সদস্যরা নিচতলার ঘরে ঢুকে প্রথমে এক গৃহকর্মীর স্বামীর হাত-পা বেঁধে ফেলে। পরে বখতিয়ারের দাদির কক্ষ থেকে অপর গৃহকর্মী এলে দাদিসহ তাদের একটি কক্ষে আটকে রাখে তারা। ডাকাত সদস্যরা এরপর দরজা ভেঙে বখতিয়ারদের কক্ষে ঢুকতে চাইলে সে চিৎকার করতে থাকে। এ সময় তার বুকে গুলি করা হয়।

গুলিবিদ্ধ বখতিয়ার মাটিতে পড়ে গেলে তারা তার বাবাকে বেঁধে দুটি আলমাতি তছনছ করে প্রায় চার ভরি সোনা নিয়ে চলে যায়।

শারমিন রিনভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাবী ডাকাতদের বলেন, ‘আপনাদের পায়ে পড়ি। আমার ছেলেটা বাঁচবে না। দেখেন সাদা হয়ে গেছে। আপনারা চলে যান।’ কিন্তু ডাকাত বলে, চুপ কর- তোর বাচ্চার কিছুই হবে না।”

রিনভী বলেন, ডাকাত দল ওই বাসায় পনের থেকে বিশ মিনিট ছিল।

ডাকাত দল চলে যাওয়ার পর স্বজনরা রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, বখতিয়ার মারা গেছে।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বখতিয়ারকে ভোর পৌনে ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার বাবা জাহিদ আল লতিফ, মা ও স্বজনরা। 

“চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। বখতিয়ারের বুকে একটি গুলির চিহ্ন আছে।”

বখতিয়ারকে শুক্রবার বিকালে ময়নাতদন্ত শেষে যাত্রাবাড়ীর পারিবারিক করবস্থানে দাফন করা হয়।