২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশিদের জন্য তাজমহল পরিদর্শনে ফি কমানোর উদ্যোগ অব্যাহত’

বাংলাদেশসহ সার্কভূক্ত দেশের পর‌্যটকদের জন্য মুঘল আমলের স্থাপনা তাজমহল পরিদর্শনে ফি কমানোর বিষয়ে পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগ অব্যাহত থাকবে বলে সংসদকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 11:24 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ১৯তম অধিবেশনের প্রথম দিনে এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদের প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে বেবী মওদুদ জানতে চান- “তাজমহল পরিদর্শনে ভারতীয় নাগরিকদের কাছে মাত্র ৫০ রুপি নেয়া হলেও বিদেশি পর‌্যটকদের কাছ থেকে ১০০০ রুপি এবং সার্কভূক্ত দেশের পর‌্যটকদের কাছে ৭৫০ রুপি নেয়া হয়। আমাদের পূর্বপূরুষদের করের টাকায় নির্মিত এবং ইতিহাসের মুঘল সম্রাজ্যের নাগরিক হিসেবে আমাদের কাছ থেকেও ৫০ টাকা ফি নেওয়ার জন্য কোনো উদ্যোগ নেবেন কিনা”?

উত্তরে দীপু মনি বলেন, সার্কের সদস্য দেশগুলোর পর‌্যটকদের তাজমহল পরিদর্শনের ফি কমানোর দাবিটি সার্ক ফোরামে দীর্ঘদিন ধরে উত্থাপিত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ সার্কদেশগুলোর পর‌্যটকদের ফি কমিয়ে ৫১০ ভারতীয় রুপি নির্ধারণ করা হয়, যা এখনো চালু আছে।

“একটি কমন হেরিটেজ বিবেচনায় বাংলাদেশসহ সার্কভূক্ত দেশগুলোর পর‌্যটকদের জন্য তাজমহল পরিদর্শন ফি আরো কমানোর বিষয়টি আমাদের পক্ষ থেকে যথাযথ ফোরামে অনানুষ্ঠানিকভাবে উত্থাপন অব্যাহত থাকতে পারে”।

সংরক্ষিত মহিলা আসনের এ সাংসদ পররাষ্ট্রমন্ত্রীর কাছে অপর এক প্রশ্নে জানতে চান- বিদেশে বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তা কর্মচারির সংখ্যা কত? এর মধ্যে মহিলার সংখ্যা। বিদেশে যাবার আগে ভদ্র আচরণের জন্য তাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হয় কিনা?

উত্তরে মন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলো কর্মরত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ৩৪৯ জন ও কর্মচারির সংখ্যা ১৫৩ জন। সর্বমোট ৫০২ জন। এর মধ্যে মহিলা কর্মকর্তা ৫২ জন ও কর্মচারি ৮ জন। সর্বমোট ৬০ জন।

তিনি আরো জানান, সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য বাধ্যতামূলক বুনিয়াদী প্রশিক্ষণ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের কর্মচারিদের জন্য বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে, কর্মচারিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

বিকাল পাঁচ টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়। সংসদ চলাকালে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত অধিবেশন চলবে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।