চট্টগ্রামে অবৈধ পণ্যসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোড থেকে একটি কভার্ড ভ্যান ভর্তি অবৈধ মালামালসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কভার্ড ভ্যানের চালক সাদ্দাম হোসেন (২২) ও মোহাম্মদ মোক্তারকে (২১) গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার এসআই আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তাররা ভ্যানের মালামালের বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।
পুলিশ ওই ভ্যানের ১৬ বস্তা আচার, দশ বস্তা ছোলা ডাল, ৩৮ বস্তা মসুর ডাল, ৬ বস্তা সাগু, ২০ বস্তা মাসকলাইর ডাল, প্লাস্টিক পণ্য তৈরির দানা জব্দ করেছে।
অবৈধভাবে এসব পণ্য বিক্রির জন্য পরিবহন করা হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
