ছাত্রলীগ নেতার রগ কাটার ঘটনায় তিন মামলা
রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের হাত-পায়ের রগ কেটে দেয়ার ঘটনার ২৫ ঘন্টা পর তিনটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় কোতয়ালী থানায় মামলাগুলো করা হয়।
কোতয়ালী থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ এবং শিক্ষার্থীর উপর বর্বরোচিত হামলার অভিযোগে কলেজ অধ্যক্ষ শাহ্ মোকসেদ আলী একটি এবং হামলা ও রগ কাটার ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাফিউর রহমান রাফি ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন বাদী হয়ে আলাদা দুটি মামলা করেছেন।
মামলায় কলেজ শাখা শিবিরের সভাপতি আরিফ হোসেন ও সেক্রেটারি শাকিল আহমেদসহ ১৫০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে জানান ওসি।
এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে ২৯ শিবির কর্মীকে আটক করে পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন মেস থেকে এদের আটক করা হয়।
এদের মধ্যে থেকে হামলায় জড়িত এমন দুইজনকে সনাক্ত করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে হামলাকারীদের ২৪ ঘণ্টা মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে দুপুরে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি ধনজিৎ ঘোষ তাপস, সাধারণ সম্পাদক ফখরুল হাসান লিও, কলেজ শাখার সভাপতি রাফিউর রহমান রাফি, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান কানন প্রমুখ।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফখরুল হাসান লিও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একই দাবিতে আমরা তিনদিনের কর্মসূচি পালন করছি। বৃহস্পতিবার জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ, শনিবার প্রতি উপজেলায় বিক্ষোভ সমাবেশ এবং রোববার নগরীতে বিক্ষোভ সমাবেশ ও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে।
বুধবার বেলা ৩টার দিকে কলেজ ক্যাম্পাসে ব্যবস্থাপনা ৪র্থ বর্ষের ছাত্র মোশাররফের দুই হাত-পায়ের রগ কেটে দেয় শিবিরকর্মীরা। তার গলায়ও কোপায় তারা।
আশঙ্কাজনক অবস্থায় মোশাররফকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রাতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।
