২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে বাংলাদেশ-ভারত বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণ এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে বৃহস্পতিবার বৈঠক হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 04:52 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) তোফাজ্জেল হোসেন জানান, দুপুরে এ বৈঠকে দুদেশের বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

তিনি জানান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোয়েজ্জদীন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার হাসনাইন মাহমুদ, তিনি নিজে (তোফাজ্জেল হোসেন) ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমান।

ভারতের পক্ষে ছিলেন হাই কমিশনার পঙ্কজ সরণ, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি বিজয় সিলভার্স এবং কাউন্সিলার চন্দ্রিমা রায়।

ভারতের পেট্রাপোল এলসি স্টেশনের ক্লিয়ারিং এজেন্টের সাধারণ সম্পাদক রমেজ সেন বলেন, ভারতের পেট্রাপোল এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। ট্রাক টারমিনাল ও শীতাতাপ নিয়ন্ত্রিত (এসি) ওয়্যারহাউজ নির্মাণ হচ্ছে। উন্নয়ন কাজ শেষ হলে পেট্রাপোল এলসি স্টেশন আন্তর্জাতিক বাজারে আধুনিক বন্দরের পরিচিতি পাবে।

তিনি জানান, বৈঠকে আগামী মার্চের মধ্যে কাজ শেষ করার তাগাদা দেয়া হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ভারত সরকার পেট্রাপোল এলসি স্টেশনে ১৪২ কোটি রুপি ব্যয়ে ৮০ একর জমিতে বন্দর আধুনিকায়নের কাজ শুরু করেছে।

এ কাজ শেষ হলে পেট্রাপোল এলসি স্টেশন পূর্ণাঙ্গ বন্দরে রূপান্তরিত হবে। ট্রাক টারমিনাল, এসি ওয়্যার হাউজ, এক্সপোর্ট, ইমপোর্ট জোনসহ আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করার সবধরনের সুযোগ-সুবিধা থাকবে এই বন্দরে।

এই স্টেশনের অধুনিকায়নের ফলে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

তোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বাণিজ্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মাত্র ৪ ঘণ্টায় ভারতের কলকাতা থেকে একটি ট্রাক পণ্য নিয়ে বন্দরের সমস্ত কার্যক্রম শেষ করে বেনাপোল বন্দরে পৌঁছাতে পারে।

অপরদিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও একদিনের মধ্যে বেনাপোল বন্দরের সমস্ত কার্যক্রম শেষ করে একটি পণ্যবাহী ট্রাক পেট্রাপোল বন্দরে পৌঁছায়।

বেনাপোল ক্লিয়ারিং এন্ড ফরোয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে অনেক আগেই বেনাপোল বন্দরের আধুনিকায়ন করেছে সরকার।

কিন্তু পেট্রাপোল এলসি স্টেশনে এই সুযোগ সুবিধা না থাকায় দুদেশের ব্যাবসায়ীরা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন।

“প্রতিবার আলোচনায় আমরা পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষকে বন্দরের অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়ে আসছি। দীর্ঘদিন পর ভারত সরকার পেট্রাপোল এলসি স্টেশন আধুনিকায়নের কাজ শুরু করেছেন,” বলেন সিরাজুল ইসলাম।

ভারত বাংলাদেশ এক্সপোর্টার এন্ড ইমপোর্টার অ্যাসোসিয়েশনের বেনাপোল চ্যাপ্টারের সভাপতি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের পেট্রাপোল বন্দর উন্নয়নে দুই বছর আগে ভারতীয় বন্দর কর্তৃপক্ষ কাজে হাত দিয়েছে। কিন্তু কাজ চলছে অনেক ধীর গতিতে।