কারমাইকেলে রগ কাটা: বিচারের দাবিতে মানববন্ধন
রংপুর কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেনের হামলাকারীদের বিচারের দাবিতে তার নিজ জেলা নীলফামারীতে মানববন্ধন হয়েছে।
লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীচাপ চৌরঙ্গী বাজার এলাকায় মানববন্ধন হয়।
নীলফামারী-ডোমার সড়কের দু’ধারে আধা কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে এলাকার ছাত্র-শিক্ষক ও বিভিন্ন পেশাজীবি মানুষ অংশ নেয়।
এতে বক্তব্য রাখেন লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্যামচরন রায়, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগের সভাপতি দীপক চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা শিবির সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবিসহ জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।
বুধবার দুপুর সাড়ে ৩টায় কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে মোশাররফের হাত ও পায়ের রগ কেটে দেয় শিবিরকর্মীরা।
আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যার দিকে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতালে) পাঠানো হয়।
ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোশাররফ নগরের কলেজ রোডে পারভেজ ছাত্রাবাসে থাকতেন। তিনি নীলফামারী জেলার বাসিন্দা।
