২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইমের বর্ষপূর্তিতে পাঁচ দিনের নাট্য উৎসব

প্রতিষ্ঠার ১৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 04:01 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

চর্চা ও মননে সুন্দরের নিপুণ আবাদ- শ্লোগানকে ধারণ করে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডমি মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন হয়।

নাটকের এই স্কুলের পুরো আয়োজনে সহযোগিতা করছে ভারতীয় সহকারী হাই কমিশন, চট্টগ্রাম।

উৎসব উদ্বোধন করেন গীতা দাশ। বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ ঘোষ, আলিয়ঁস ফ্রসেস, চট্টগ্রামের পরিচালক রাসেল ইয়েগার, চবি নাট্যকলা বিভাগের শিক্ষক ড. কুন্তল বড়ুয়া, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেহ উদ্দিন, নাট্যকর্মী সুচরিত দাশ খোকন, খালেদ হোসেন ও ফেইমের পরিচালক অসীম দাশ।

ফেইম কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ দিনের অনুষ্ঠানে প্রতিদিন মুক্তমঞ্চে নাটক ও নাটকের ছবি প্রদর্শনী এবং সন্ধ্যায় মূলমঞ্চে বিভিন্ন দলের নাটক পরিবেশিত হবে।

ফেইমের নিজস্ব পরিবেশনা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ এবং দেশের বাইরের কলকাতার দুটি নাট্য সংগঠনেরও পরিবেশনা থাকছে। 

কলকাতার আরশী নাট্যদলের ‘মিডিয়া’র পরিবেশনা থাকছে উদ্বোধনী দিনে। একই দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রযোজনায় ‘মহাবিদ্যা’ পরিবেশিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন শুক্রবার ঢাকার প্রাঙ্গণে মোর পরিবেশন করবে ‘আওরঙ্গজেব’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ করবে ‘এবং পাগল’।

শনিবারও থাকছে দুটি পরিবেশনা- ফেইম নৃত্যকলা বিভাগ ‘কালমৃগয়া’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ ‘দ্য বক্স’ পরিবেশন করবে।

পরের দিনও থাকছে দুটি নাটক। পর্যায়ক্রমে মঞ্চে দেখা আসবে ‘বাঁধ’ ও  ‘মিলিটারি’ নাটক দুটি।

উৎসবের সমাপনী দিন সোমবার কলকাতার আরেকটি দল কল্যাণী কলামণ্ডলম এর ‘মানু(ষ)ষী’ নাটকের পরিবেশনা রয়েছে। এছাড়া শেষ দিনে চবি নাট্যকলা বিভাগের ‘গর্ত’ পরিবেশিত হবে।

প্রতিদিন মুক্তমঞ্চের অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত রাখা হবে। তবে দর্শনীর বিনিময়ে সংগ্রহ করা যাবে মূল মঞ্চের প্রবেশপত্র।