২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্প্রচার নীতিমালায় ভুল বোঝাবুঝি দূর হবে’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত জাতীয় সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন হলে তা ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের ‘রক্ষাকবচ’ হিসেবে কাজ করবে

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2013, 03:50 PM

Updated : 25 Apr 2022, 07:14 PM

যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, “নীতিমালা না থাকায় অনেক সময়ই বেতার ও টেলিভিশনগুলোকে সরকার ও  রাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়াতে দেখা যায়। এতে এক ধরনের ভুল বোঝাবুঝিও তৈরি হয়।”

“তাই এই নীতিমালার বাস্তবায়ন হলে তা যেমন ইলেক্ট্রনিক গণমাধ্যমের রক্ষাকবচ হিসেবে কাজ করবে সেইসঙ্গে এর প্রচার ও প্রসারেও ভূমিকা রাখবে।”

এই নীতিমালা গণমাধ্যমের ‘বিভক্তি’ দূর করতেও সহায়ক হবে বলে মনে করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, শীর্ষস্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে নিয়েই নীতিমালার খসড়া করা হয়েছে। সবার মতামত নেয়ার জন্য এখন এটি ওয়েবসাইটে দেয়া আছে।

আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে নীতিমালাটি চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।