২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 03:05 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

বুধবার মরাগাং এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় প্রাইভেটকার চালক এবং পলাশবাড়ীতে বাসাচাপায় অটোরিকশা যাত্রী রাহেলা খাতুন নিহত হন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে আব্দুল্লাপুরগামী ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়।

এ সময় প্রাইভেটকার চালকসহ বেশ কয়েকজন আহত হয়। স্থানীয় কামারপাড়া এলাকার ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় প্রাইভেটকারচালকের মৃত্যু হয়।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের পলাশবাড়ি এলাকায় খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী রাহেলা খাতুন নিহত হন।

রাহেলা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাইকন এলাকার মুবারক মিয়ার মেয়ে।

এ ঘটনার পর বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।