২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোচাগঞ্জে বিদ্যালয় ভবন পরিত্যক্ত, শিক্ষার্থীরা বিপাকে

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁ প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ঝুঁকিপূর্ণ হিসেবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2013, 01:19 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

এ কারণে শ্রেণিকক্ষের অভাবে স্কুলের অপর একটি ভবনে গাদাগাদি করে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। এতে সমাপনী পরীক্ষার্থীসহ সবাইকে বিপাকে পড়তে হয়।

স্কুলের প্রধান শিক্ষক সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৯৩ সালে নির্মিত চার কক্ষবিশিষ্ট স্কুল ভবনটির একটি কক্ষের ছাদের পলেস্তার ভেঙে পড়ে গত ২৪ অগাস্ট দ্বিতীয় শ্রেণির চার জন শিক্ষার্থী আহত হয়।

পরদিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্কুল পরিদর্শনে গিয়ে ঝুকিপূর্ণ এই ভবনটি ব্যবহার না করার নির্দেশ দিয়ে উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবহিত করেন।

এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী গত রোববার (৮ সেপ্টেম্বর) স্কুলটি পরিদর্শন করে ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।

প্রধান শিক্ষক জানান, এখন স্থান সঙ্কটের কারণে দুই কক্ষবিশিষ্ট অপর ভবনে পাঠদান করা হচ্ছে। একটি কক্ষে একসঙ্গে দুই শ্রেণির ক্লাস নিতে হচ্ছে।

সমাপনী পরীক্ষার শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে বলেও তিনি জানান।

উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার উকিল চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল ভবন পরিত্যক্ত এবং শ্রেণিকক্ষ সঙ্কটের কথা অবহিত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।