২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় শতাধিক গ্রাম প্লাবিত

উজান থেকে নেমে আসা পানির ঢলে পাঁচটি নদ-নদীর পানি বেড়ে গাইবান্ধার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 07:39 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

সোমবার ঘাঘট, ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা ও করতোয়ার পানি বেড়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ১৩টি ইউনিয়নের চরাঞ্চলসহ নদী তীরবর্তী এলাকার শতাধিক গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে।

পানির চাপে ফুলছড়ির উড়িয়া-কঞ্চিপাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন বেড়ি বাঁধের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এছাড়াও হুমকির মুখে রয়েছে গাইবান্ধা শহর রক্ষার ঘাঘট নদীর বাঁধটিও।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, মঙ্গলবার গাইবান্ধায় ঘাঘট নদীর পানি ৪৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি জেলার ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবোর নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আসাফুদ্দৌলা বলেন, ফুলছড়ি ও সাঘাটার বেড়িবাঁধের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা দেয়া হবে।