‘জামায়াতের সঙ্গে আপসের মনোভাব সরকারে’
যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া থমকে দিতে সরকারের মধ্যেই জামায়াতে ইসলামীর সঙ্গে আপসের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
গত ৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত বঙ্গবন্ধু স্মারক বক্তৃতায় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টা এবং মন্ত্রীর ভেতরে জামায়াতের সঙ্গে আপসের মনোভাব রয়েছে। এটি কোনোভাবেই ভালো লক্ষণ নয়।”
আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়। এরই মধ্যে জামায়াতের শীর্ষ কয়েকজন নেতার বিরুদ্ধে রায়ও হয়েছে।
তবে বিচার প্রক্রিয়া নিয়ে ধীর গতির অভিযোগ রয়েছে যুদ্ধাপরাধের বিচার দাবিতে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
শাহরিয়ার কবির বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় তারুণ্যের যে জাগরণ ঘটেছে, আর কোনো শক্তিই একাত্তরের ঘাতকদের বিচার বন্ধ করতে পারবে না। সমস্ত রাজাকারের বিচার সম্ভব হলে বাংলাদেশ থেকে জামাত-শিবিরের নাম-নিশানা মুছে যাবে। তাই কোনোভাবেই এ বিচারের ব্যাপারে ছাড় দেয়া চলবে না।”
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের অবস্থানের সমালোচনাও করেন তিনি।
অনুষ্ঠানে ক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. নূরন্নবী এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনও বক্তব্য রাখেন।
উদীচীর সমবেত সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান। এতে শাহরিয়ার কবিরের নির্মিত ‘দ্য আল্টিমেট জিহাদ’ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা উৎসর্গ করা হয়েছে নাইন-ইলেভেনে নিহতদের প্রতি।
