এপিএস ফারুকের কোটি টাকার ব্যাংক হিসাব বন্ধই থাকছে
জব্দ থাকা একটি ব্যাংক হিসাব খুলতে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস মো. ওমর ফারুক তালুকদারের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ, যে হিসাবে প্রায় এক কোটি টাকা রয়েছে।
ওমর ফারুকের করা একটি আবেদনের প্রাথমিক শুনানি করে মঙ্গলবার খারিজ করে দেন অবকাশকালীন চেম্বার বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।
এর আগে গত ২৯ জুলাই হাই কোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ ফারুকের ওই ব্যাংক হিসাব চালুর আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেয়।
ওই ব্যাংক হিসাবের কার্যক্রম উন্মুক্ত করতে ওই রায় স্থগিতে আপিল বিভাগে আবেদন করেন ফারুক। শুনানির পর যা খারিজ হয়ে গেল।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এসএম শাহজাহান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।
এর আগে মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গত ৯ মে মার্কেন্টাইল ব্যাংকে থাকা ফারুকের ওই হিসাব লেনদেনের জন্য উন্মুক্ত করার আদেশ দেন।
দুদকের আবেদনে পরে ওই হিসাবের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে হাই কোর্ট।
ওই হিসাবে ৯০ লাখ ৯৭ হাজার টাকা রয়েছে, যার কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।
এরপর ২০১২ সালের ২৫ অক্টোবর আদালত ফারুকের ব্যাংক হিসাবের কার্যক্রম বন্ধ করে দেয়। স্ত্রী-মেয়ের ভরণপোষণের কথা উল্লেখ করে করা এক আবেদনে মহানগর দায়রা জজ ওই হিসাব উন্মুক্ত করে দেন।
মার্কেন্টাইল ব্যাংকে থাকা ওই টাকা সম্পর্কে দুদকে দেয়া সম্পদের হিসাব বিবরণীতে ওমর ফারুক জানায়, আত্মীয় ও বন্ধুদের কাছ থেকে ঋণ, স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রির অর্থ, কৃষি ও মৎস্য থেকে আয় এবং অন্যান্য উৎস থেকে তিনি এই অর্থ সংগ্রহ করেছেন।
তবে ফারুকের এই দাবির সত্যতা পাওয়া যায়নি উল্লেখ করে দুদক তার বিরুদ্ধে মামলা করে।
গত বছরের এপ্রিলে বিপুল পরিমাণ অর্থসহ ফারুকের গাড়ি বিজিবি সদর দপ্তরের ফটকে আটকা পড়ে, যে গাড়িতে রেলের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন।
তখন ফারুক ছাড়া পেলেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে পদত্যাগ করেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রী।
