সিলেটে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে আহত ১০
সিলেটের মদনমোহন কলেজে ছাত্রদল ও ছাত্রলীগের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে মেডিকেল কলেজ এলাকায় ছাত্রদলের কয়েকজন সমর্থক মদনমোহন কলেজ ছাত্রলীগকর্মী রেজা আহমদকে কুপিয়ে জখম করে।
এর জেরে দুপুরে ছাত্রলীগ হামলা চালিয়ে কলেজ থেকে ছাত্রদল নেতাকর্মীদের বের করে দেয়।
এস সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ছাত্রদলকর্মী আলী আকবর রাজন, সাকিবুজ্জামান সাকিব ও ভুলন কান্তি তালুকদারসহত অন্তত ১০ জন আহত হয়।
ছাত্রলীগ কলেজে ছাত্রদলের ব্যানার-পোস্টার ছিঁড়ে আগুন ধরিয়ে দেয়। লামাবাজার এলাকায় তিনটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে ছাত্রদল।
মদনমোহন কলেজ ছাত্রলীগের সহসভাপতি রুমেল আহমদ বলেন, ছাত্রদলকর্মীরা ছাত্রলীগকর্মী রেজা আহমদকে কুপিয়ে আহত করায় নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদের ক্যাম্পাস ছাড়া করেছে।
কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মেরাজ বলেন, “ছাত্রলীগের উপর হামলাকারী বহিরাগত। কলেজ ছাত্রদলের কেউ না। ছাত্রলীগ না বুঝে আমাদের উপর আক্রমণ করেছে।”
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নারায়ণ দত্ত জানান, ছাত্রদল-ছাত্রলীগের মারামারির পর পরিস্থিতি শান্ত রয়েছে। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
