২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ধর্ষণ মামলায় ৬ জন দণ্ডিত

অপহরণ, ধর্ষণ ও ধর্মান্তরকরণের মামলায় ছয়জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দিয়েছে মাদারীপুরের একটি আদালত।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নারী ও শিশু দমন নির্যাতন আদালতের বিচারক নূরুল ইসলাম এ রায় দেন

দণ্ডিতদের মধ্যে রফিকুল কাজীকে ৪৫ বছর সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাকে আরো চার বছর কারাভোগ করতে হবে।

মোহন মিয়া, নুরু কাজী, রুনা বেগম, খলিল হাওলাদার ও মাসুদ কাজীকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া এদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাভোগ করতে হবে।

এদের সবার বাড়ি রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়নের পশ্চিম সরমঙ্গল গ্রামে।

দণ্ডিতদের মধ্যে মাসুদ কাজী পলাতক। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল কাজী নামে এক আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সুর্জিত চ্যাটার্জী বাপ্পী জানান, ২০০৯ সালের ২৭ ডিসেম্বর উপজেলার টেকেরহাটের শহীদ সরদার শাজাহান উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী কোচিং শেষে বাড়ি ফেরার পথে অপহৃত হয়।

এই ঘটনায় ওই ছাত্রীর বাবা ২৯ ডিসেম্বর  রাজৈর থানায় অপহরণ, ধর্ষণ ও ধর্মান্তরিতকরণের অভিযোগে সাত জনের নাম উল্লেখ করে মামলা করেন।

২০১০ সালের ১১ জানুয়ারি সিলেট থেকে অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়।