২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ইপিজেডে দুই কারখানায় শ্রমিক বিক্ষোভ

বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) দুটি  কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখিয়েছে শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 06:53 PM

সিইপিজেড থানার ওসি আবুল মনসুর জানান, ‘সুপার ফাইন নিটিং’ ও ‘মিলেনিয়াম স্যুয়েটার্স’ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু করেন। 

এর মধ্যে সুপার ফাইন নিটিংয়ে প্রায় সাতশ এবং মিলেনিয়াম স্যুয়েটার্সে এক হাজার দুইশ শ্রমিক রয়েছেন।

বেপজার চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক এস এম আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকরা বেতন-ভাতা ও ‘পিস রেইট’ বাড়ানোর দাবিতে কাজ বন্ধ রেখেছেন। এ নিয়ে বেপজা প্রতিনিধি, মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা চলছে।

এর আগে গত সোমবার বিকেলেও এ দুই কারখানার শ্রমিকরা কর্মবিরতি করে বিক্ষোভ দেখায় বলে সিইপিজেড পুলিশ জানায়।

ওসি আবুল মনসুর বলেন, “দুই কারখানায় অসন্তোষ থাকলেও ইপিজেডের অন্য কারখানায় এর প্রভাব পড়েনি। স্বাভাবিকভাবেই কাজ চলছে।”