২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ট্রেনে বাধা, আটক ৭

ভর্তি ফরমের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্র সংগঠনের ধর্মঘটের মধ্যে নগরীর দেওয়ানহাট এলাকায় শাটল ট্রেনে বাধা দেয়ার সময় সাত শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2013, 09:52 AM

Updated : 25 Apr 2022, 07:14 PM

ধর্মঘটিদের ছোড়া ঢিলে আহত হয়েছেন রেলওয়ের এক নিরাপত্তাকর্মী।

ডবল মুরিং থানার এসআই শিবুচন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরীর দেওয়ানহাট ওভারপাসের নিচে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, কিছু ছাত্র সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে বাধা দেয়ার চেষ্টা করে। তারা ঢিল ছুড়লে রেলের এক নিরাপত্তাকর্মী আহত হন। এ সময় জিআরপি ও ডবলমুরিং থানা পুলিশ ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীকে আটক করে।

আটকরা হলেন-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রাশিদুল সামির, ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার, ইউনিয়নের কলা অনুষদের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া খন্দকার, ফ্রন্টের ফজলে রাব্বী, তোয়াই মারমা, ফজল হাবীব, মিলন, ছাত্র ফেডারেশনের আনোয়ার ছাদেত জুনায়েদ ও বিপুল হোসেন। 

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তৌহিদ টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভর্তি ফরমের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সকালে প্রগতিশীল ছাত্রজোটের কর্মীরা শাটল ট্রেন অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে তাদের ধরে নিয়ে যায়।

তাদের জিআরপি থানায় আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জিআরপি থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষকরা আসলে তাদের ছেড়ে দেয়ার বিষয়ে আলোচনা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনোয়ার হোসেন বলেন, “ট্রেনে বাধা দেয়ায় পুলিশ সাতজনকে থানায় নিয়ে গেছে। বিষয়টি আমরা দেখছি।”

ভর্তি ফরমের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রতিবাদে ‘প্রগতীশীল ছাত্রজোট’ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এই ধর্মঘট ডাকে।