তথ্যপ্রযুক্তি অধ্যাদেশ ’১৩ অগণতান্ত্রিক: খুশী কবীর
নতুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধিত) অধ্যাদেশকে কালাকানুন অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন একদল মানবাধিকার কর্মী।
সোমবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে উপস্থিত হয়ে বেসরকারি সংস্থা নিজেরা করি’র নির্বাহী পরিচালক খুশী কবীর বলেন, “২০০৬ সালে বিএনপি সরকার তাদের শেষ সময়ে একটি অগণতান্ত্রিক আইন করেছিল, এখন আওয়ামী লীগ তাদের শেষ সময়ে এসে সেই আইনকে আরো অগণতান্ত্রিক করছে। কোন উদ্দেশ্যে বা কার স্বার্থে এটা করা হচ্ছে তা বুঝতে পারছি না।”
তিনি বলেন, “সংসদের কার্যক্রম বলবৎ থাকাবস্থায় রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ আকারে এটা সংশোধন করা হচ্ছে। এভাবে অগণতান্ত্রিক উপায়ে পাস করা অগণতান্ত্রিক আইন আমরা গ্রহণ করতে চাই না।
“যারা এখন এই আইনটি এখন করছেন তাদের বোঝা উচিত এই আইনের ফাঁদে তারাও পড়তে পারেন।”
ফেইসবুকের মাধ্যমে কয়েকজন তরুণের আহ্বানে প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে উপস্থিত হয়।
অধ্যাদেশটিতে ‘ধর্মানুভূতিতে আঘাত‘, উস্কানি বা ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার মতো বিষয়গুলোকে অসংজ্ঞায়িত রেখে এসব কাজে সন্দেহভাজনদের গ্রেপ্তারের বিধান রাখা হয়েছে।
আইনজীবী জ্যোতির্ময় বড়–য়া বলেন, “অনেক অনির্দিষ্টবোধক শব্দকে এই অধ্যাদেশে অন্তর্ভূক্ত করা হয়েছে। এমন বিধান রাখা হয়েছে যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী জান্নাতুল মরিয়ম খান, ছাত্র ইউনিয়ন নেতা কামরুস সালাম সংসদ, অনন্য আজাদ, গণজাগরণমঞ্চ নেত্রী লাকী আকতার প্রমুখ।
