২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেবে জাগরণ মঞ্চ

আরিফ নূরসহ দেশের বিভিন্ন স্থানে মঞ্চের কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীকে স্মারকলিপি দেবে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2013, 08:00 PM

Updated : 25 Apr 2022, 07:13 PM

মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার মারুফ রসুল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার বেলা ১২টায় শাহবাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে যাত্রা করা হবে।

আরিফসহ সারা দেশে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের সনাক্ত ও শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

শুক্রবার রাতে রাজধানীর পরীবাগ ওভারব্রিজের নিচে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হন গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ নূর। ওই হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করছেন মঞ্চের সংগঠকরা।

উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফ যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াত-শিবিরকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন।

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার সর্বোচ্চ শাস্তির দাবিতে গত ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন শুরু হয়।

এর কয়েকদিনের মাথায় মিরপুরে নিজ বাসার সামনে মঞ্চের কর্মী ব্লগার রাজীব আহমেদ হায়দার খুন হন।

এছাড়া হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত হয়ে গত জুলাইয়ে মারা যান বুয়েটের শিক্ষার্থী ও গণজাগরণ মঞ্চের কর্মী আরিফ রায়হান দীপ।

হামলায় বিভিন্ন সময় আহত হয়েছেন বুয়েট শিক্ষার্থী তন্ময় ও সিলেট গণজাগরণ মঞ্চের আহ্বায়ক জগৎ জ্যোতি।