রোহিঙ্গাদের তালিকা হবে
বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের শরণার্থীদের তালিকা করবে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশে অবস্থানরত মিয়ানমার শরণার্থী এবং অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমার নাগরিকদের বিষয়ে জাতীয় কৌশলপত্র’ অনুমোদন দিয়ে এই সিদ্ধান্ত হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, জাতীয় কৌশলপত্রের আলোকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মিয়ানমারের শরণার্থীদের জরিপ করে তালিকা করা হবে।
“বাংলাদেশে মিয়ানমারের শরণার্থীরা ‘ডকুমেন্টেড’ আর ‘আনডকুমেন্টেড’ রয়েছে। এটা বাংলাদেশের জন্য বড় সমস্যা।”
মিয়ানমারে রাজনৈতিক সংঘাতের পর দুই যুগ আগে ব্যাপক সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। তারপর বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে।
কক্সবাজারে দুটি শরণার্থী শিবিরে ২৫ হাজার শরণার্থী রয়েছে। শিবিরের বাইরে থাকা রোহিঙ্গার সংখ্যা প্রায় ৫ লাখ বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অবস্থানের ফলে আর্থসামাজিক, রাজনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তামূলক অনেক সমস্যা হচ্ছে।”
রোহিঙ্গাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে থাকার বিষয়টি সরকারি বিভিন্ন সংস্থার অনুসন্ধানে ধরা পড়েছে। এদের অনেকে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে ধরা পড়েছেন।
ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ঢাকার পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হলেও বৌদ্ধপ্রধান মিয়ানমারের সরকারের কার্যকর সাড়া মিলছে না।
শরণার্থী শিবিরে যারা রয়েছে, মানবিক কারণে তাদের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণ করা অব্যাহত রাখার সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে।
নতুন করে শরণার্থীর আসা ঠেকাতে মিয়ানমার সীমান্তে বিজিবির ফাঁড়ি এবং পর্যবেক্ষণ টাওয়ার শক্তিশালী করাসহ নানা বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
শরণার্থী প্রত্যাবসনে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, এখনো যেসব আন্তর্জাতিক বিষয় সমাধান হয়নি সেগুলো সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যহত রাখা হবে।
সমন্বিত কর্মকৌশল থাকলে রোহিঙ্গা সঙ্কট নিরসন সমস্যা সহজ হবে আশা প্রকাশ করে মোশাররাফ হোসাইন বলেন, সে প্রয়োজন থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই কর্মকৌশল মন্ত্রিসভায় উপস্থাপন করে।
“যেহেতু বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান এই কর্মকৌশলের সঙ্গে জড়িত, তাই সমন্বয়ের বিষয় রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্ক্রমের সমন্বয়ের বিষয়েও এই কৌশলপত্রে বলা হয়েছে।”
পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পর্যায়ে একটি জাতীয় সমন্বয় কমিটি থাকবে। এছাড়া পররাষ্ট্র সচিবের নেতৃত্বে জাতীয় টাস্কফোর্স থাকবে বলে জানান মোশাররাফ।
এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পৃথক টাস্কফোর্স থাকবে বলেও জানান তিনি।
