কিশোরী অপহরণের চেষ্টা, ১২ যুবক জেলে
গাজীপুরের জয়দেবপুরে এক কিশোরীকে অপহরণের চেষ্টার সঙ্গে যুক্ত সন্দেহে ১২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, নগরীর মজলিশপুর এলাকার এক কিশোরীর সঙ্গে কোনাবাড়ির আমবাগ গ্রামের আবু হানিফের ছেলে জনির (২৫) প্রেমের সম্পর্ক ছিল।
সম্প্রতি কিশোরীর অন্য একজায়গায় বিয়ে ঠিক হয়ে যায়।
রোববার রাতে জনি তার ১৫-১৬ জন সহযোগী নিয়ে ওই কিশোরীকে তুলে নিতে আসলে এলাকাবাসী তাদের বাধা দেয় বলে জানান জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আক্রাম হোসেন।
তিনি জানান, পরে লোকজন ফয়সাল, আজিজুল হক, লিটন সরকার, রিমন, শহিদুল, আব্দুর রশিদ, আতিশ বিশ্বাস, বাবুল, নয়ন, আসাদ, মমিন ও জুয়েলকে আটক করে পুলিশে দেয়। জনিসহ কয়েকজন পালিয়ে যায়।
এসআই জানান, এ ব্যাপারে কিশোরীর বাবা মামলা করেছেন।
