শার্শায় ৮৫ হাজার অ্যানাগ্রা ট্যাবলেট উদ্ধার
যশোরের শার্শা উপজেলায় ৮৫ হাজার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট অ্যানাগ্রা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার ভোররাতে বেনাপোলের ছোটআচড়া সীমান্তে এ অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
এছাড়া আরেকটি অভিযানে ২২৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোররাতে ছোটআচড়া সীমান্ত পথে ভারত থেকে পাচারকারীরা বাংলাদেশে প্রবেশ করে।
এ সময় বিজিবির ধাওয়া খেয়ে তারা কয়েকটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
ওই ব্যাগে ৮৫ হাজার ভারতীয় অ্যানাগ্রা ট্যাবলেট, ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়, বলেন তিনি।
শার্শা থানার ওসি আব্দুল জলিল বলেন, সোমবার দুপুরে শার্শা বাজার থেকে পুলিশ একটি ট্রাক থেকে ২২৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে।
আটকরা হলেন বেনাপোল কলেজ পাড়ার ফজলুর রহমানের ছেলে লিটন হোসেন (২৭) ও রাজবাড়ির আব্দুল ওহাবের ছেলে ফরহাদ হোসেন (২২)।
ওসি বলেন, ট্রাক ও ফেন্সিডিলসহ আটকরা শার্শা থানায় আছে। এ ঘটনায় মামলা হয়েছে।
