সিলেটে সব মার্কেট বন্ধ, ব্যবসায়ীরা সড়কে
সিলেটের জিন্দাবাজারে স্বর্ণের মার্কেটে ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া স্বর্ণ উদ্ধারের দাবিতে জেলায় সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা।
বেলা আড়াইটায় নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মহাসমাবেশ হওয়ারও কথা রয়েছে।
এই ধর্মঘট ও মহাসমাবেশ সফল করতে শনিবার নগরীতে মাইকিং, প্রচারপত্র বিলি করা হয়।
জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মকন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার চারদিন পরও আইনশৃঙ্খলা বাহিনী মূল হোতাদের গ্রেপ্তার করতে পারেনি। ব্যবসায়ীদের নিরাপত্তা ও ডাকাত গ্রেপ্তারে পুলিশ ব্যর্থ হলে লাগাতার ধর্মঘট এমনকি হরতালেরও ঘোষণা দেয়া হবে।”
বুধবার রাতে নগরীর জিন্দাবাজার নেহার মার্কেটে হাতবোমা ফাটিয়ে তিনটি গয়নার দোকানের স্বর্ণ লুট করে ডাকাতরা। বোমা বিস্ফোরণে মার্কেটের এক নৈশপ্রহরী নিহত এবং ব্যবসায়ীসহ ৪ জন আহত হন।
ডাকাতি ও খুনের ঘটনায় শুক্রবার রাতে আল বারাকা জুয়েলার্সের মালিক জুবায়ের আহমদ বাদি হয়ে অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে ৪২০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ আনা হয়।
ঘটনায় আটক পাঁচ জনের মধ্যে চার জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
